Friday, March 2, 2012

জোবায়দা রহমান সহসাই রাজনীতিতে আসছেন


নিজস্ব প্রতিনিধি: জোবায়দা রহমান। পেশায় ডাক্তার। বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। প্রয়াত রিয়ার এডমিরাল এম এ খানের কন্যা। বর্তমানে বিলেতে অবস্থান করছেন। আলোচিত রাজনৈতিক নেতার স্ত্রী হয়েও কোন আলোচনার মধ্যেই নেই তিনি। একমাত্র মেয়ে জাইমাকে নিয়ে পর্দার আড়ালেই থেকে গেছেন বরাবর। এমনকি ক্ষমতার মোহও তাকে স্পর্শ করেনি। ওয়ান-ইলেভেনের সময় সেনা নির্যাতনের শিকার হন তারেক রহমান। লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ২০০৮ সাল থেকে। চিকিৎসকরা বলছেন সহসা তিনি সুস্থ হবেন এমন কোন নিশ্চয়তা নেই। ঢাকায় একের পর এক মামলা হচ্ছে তার বিরুদ্ধে। মাঝে মধ্যেই তাকে নিয়ে সরব আলোচনা হয় রাজনৈতিক মহলে। বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক কৌতূহল তাকে নিয়ে। তিনি কি মামলা-মোকদ্দমা উপেক্ষা করে দেশে চলে আসবেন, নাকি লন্ডনেই থেকে যাবেন। নানা গুঞ্জন রয়েছে তাকে নিয়ে। একপর্যায়ে তিনি বৃটিশ সরকারের অতিথি হয়ে যেতে পারেন এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। এই যখন অবস্থা তখনই খবর এলো তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান রাজনীতিতে আসছেন। কখন কি ভাবে? প্রাপ্ত খবরে জানা যায়, নির্বাচনের আগ মুহূর্তে জোবায়দা রহমান সক্রিয় রাজনীতিতে আসবেন। এটা মোটামুটি নিশ্চিত। পারিবারিকভাবে এটা স্থির হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাকি সম্মতি দিয়েছেন। খালেদা জিয়ার সামপ্রতিক কয়েকটি বক্তৃতা-বিবৃতি পর্যালোচনা করে পর্যবেক্ষকরা আরও নিশ্চিত যে, জোবায়দার রাজনীতিতে আসা সময়ের ব্যাপার মাত্র। খালেদা জিয়া বলছেন, রাজনীতিতে মেধাবীদের আসা উচিত। তরুণ নেতৃত্বের ওপরও জোর দিচ্ছেন তিনি। জোবায়দা রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে। অপরিচিত কোন টেলিফোনই তিনি ধরেন না। তবে বিএনপির একাধিক সিনিয়র নেতা বলছেন, দলের ভেতরে বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে। কখন সেটা হবে তা বলা বড় কঠিন।

No comments: